চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় করা মামলায় প্রক্টরিয়াল বডিকে তলব করেছেন আদালত।
সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, গ্রেপ্তার আসামি নুর হোসেন শাওনের জামিন আবেদন করা হলে শুনানিকালে আদালত এ আদেশ দেন। প্রক্টরিয়াল বডির বক্তব্য নেওয়ার পর আদালত জামিন শুনানি করবেন। ১৪ সেপ্টেম্বর দিন ধার্য রাখেন আদালত।
মামলার আসামিরা হলেন- ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আজিম, নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নুরুল আবছার, হাটহাজারী সরকারি কলেজের সমাজবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র নুর হোসেন, স্নাতক দ্বিতীয় বর্ষের মাসুদ রানা ও একই কলেজের সাবেক ছাত্র সাইফুল আলম। তাদের মধ্যে আজিম ও আবছার ছাত্রলীগের কর্মী। তাদের দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত ১৭ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হতাশার মোড় থেকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। পাঁচজন ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ করা হয়। পরদিন প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী।
এ ঘটনায় তিনি বাদী হয়ে একই দিন হাটহাজারী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাও করেন। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশের নির্দেশনা দিলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গভীর রাত অবধি হলের বাইরে বিক্ষোভ দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।
ওই দিন রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান ঘটনাস্থলে গিয়ে চার কার্যদিবসের মধ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা দেন।