নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার ও সোনারগাঁ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, সোনারগাঁ আওয়ামী লীগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। কী এক অজ্ঞাত কারণে প্রচার করা হয় সোনারগাঁ আওয়ামী লীগে কোন্দল রয়েছে। এটা বলে একটা মহল সোনারগাঁ আওয়ামী লীগকে দুর্বল প্রমাণ করতে চায়, সুবিধা নিতে চায়। কিন্তু সোনারগাঁ আওয়ামী লীগ যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ। যার ফলাফল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাসহ সবাই দেখেছে। আমাদের মধ্যে কোনো কোন্দল নেই। তবে রাজনৈতিক প্রতিযোগিতা আছে। এটা মন্দ কিছু নয়।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বলেন।
সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমুখ।
সোনারগাঁ প্রেস ক্লাবের সদস্য ও সোনারগাঁয়ের বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ প্রমূখ।
সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ঐক্যবদ্ধ ভাবে সোনারগাঁ আওয়ামী লীগের সম্মেলন করা হয়েছে। সম্মেলন সফল হয়েছে। যারা দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ছিল, তারাই কমিটিতে স্থান পাবেন। কোনো হাইব্রিড স্থান পাবে না।