ক্রিকেটার সাকিব আল হাসান ব্যবসায়ী হয়েছেন বহু আগেই। পাশাপাশি আছে তার একটি ক্রিকেট একাডেমিও। সম্প্রতি মোনার্ক মার্ট নিয়ে ব্যস্ত হয়েছেন তিনি। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বেশ নাম কুড়িয়েছে। বিপিএলের দল ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজিও কিনেছে তারা। ক্রিকেট শেষে এবার হকিতেও নাম লেখাল সাকিবের ব্যবসায়ীক প্রতিষ্ঠানটি।
হকি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল কিনেছে সাকিবের প্রতিষ্ঠান মোনাক মার্ট। এক কোটি টাকায় প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের দল পেয়েছে তারা। রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাকিব।
হকি নিয়ে নিজের ভালো প্রত্যাশার কথা শুনিয়েছেন সাকিব, ‘ফ্র্যাঞ্চাইজি এই প্রতিযোগিতায় আসার পেছনে বড় কারণ আমাদের হকিকে আরও একধাপ এগিয়ে নেওয়া। যে উদ্দেশ্য আসলে এই ধরনের টুর্নামেন্ট আয়েজন করা, সেটা হচ্ছে তরুণ খেলোয়াড়দের বের করে আনা। আমি বিশ্বাস করি এই প্রতিযোগিতা থেকে আমরা ৪-৫ জন এমন তরুণ খেলোয়াড় পাবো, যারা ভবিষ্যতে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবে এবং হকিতে বাংলাদেশকে আরও উঁচুতে নিয়ে যেতে পারবে।’