সরকার মানবতাবোধ, সহমর্মিতা, বিবেক সবকিছু বিসর্জন দিয়েছে: বিএনপি

দলীয় কর্মসূচিতে হামলার পর আহত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে জানিয়ে বিএনপি বলছে, বর্তমান নিষ্ঠুর আওয়ামী সরকারের সকল ঘৃণ্য আচরণ প্রমাণ করে যে, তারা মানবতাবোধ, সহমর্মিতা, বিবেক সবকিছু বিসর্জন দিয়েছে। ক্ষমতার দাপট এবং ক্ষমতা লোভ আওয়ামী সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে তিনি বলেন, ‘বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. ওয়ারেছ আলী আকন্দকে গ্রেপ্তার এবং ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৬০ থেকে ১৭০ জনের নামে বানোয়াট ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি সজীব খান, পাথরঘাটা পৌর ছাত্রদলের সদস্যসচিব খায়রুল ইসলাম শরীফ, রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম ইসলাম নয়নসহ চারজনকে গ্রেপ্তার এবং রংপুরে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’

মামলা দায়েরের ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে একদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী রাখা হয়েছে, অন্যদিকে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে বিএনপি এবং অঙ্গ সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নানাবিধ জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে সরকার। এরই অংশ হিসেবে সারা দেশের বিভিন্ন জেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকারের পায়ের নিচে আর বিন্দুমাত্র মাটি অবশিষ্ট নেই। তাই তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে নেতাকর্মীদের হত্যা ও আহত করে যাচ্ছে, গ্রেপ্তার ও মিথ্যা মামলা দায়ের করছে। আওয়ামী সরকারের এসব অপকর্মের উদ্দেশ্যই হচ্ছে চলমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে কেউ যেন বিরুদ্ধাচরণ করতে সাহস না পায়। কিন্তু সরকারের অপশাসন রুখে দিতে জনগণ এখন ফুঁসে উঠেছে। আওয়ামী সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। আমি অবিলম্বে উল্লিখিত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ভুয়া ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারসহ গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।’