বৈজ্ঞানিক উদ্ভাবনের জন্য সহযোগিতামূলক গবেষণা, উদ্ভাবিত বায়োলজিক্যাল ওষুধ ও ভ্যাক্সিনের ফার্মাকোকাইনেটিক্স ও ফার্মাকোডাইনামিক্স স্টাডি পরিচালনা, যৌথভাবে গবেষণা ও প্রশিক্ষণ প্রোগ্রামের প্রস্তাব ও পরিচালনা, বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে দ্রুত সহযোগিতামূলক গবেষণা এবং চাহিদা ও প্রয়োজন অনুযায়ী নতুন ওষুধ ও ভ্যাক্সিন নিয়ে গবেষণা করার প্রত্যয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রথম করোনা ভ্যাক্সিন (বঙ্গভ্যাক্স) আবিষ্কারক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড এর মধ্যে ভিসি অফিসে আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
এই সমঝোতা স্মারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং গ্লোব বায়োটেক লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. হারুনুর রশিদ। সাক্ষী হিসাবে স্বাক্ষর করেন ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ও গ্লোব বায়োটেক লি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কাকন নাগ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহ এমরান, ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইলিয়াস-আল-মামুন এবং গ্লোব বায়োটেক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আহমেদ হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নাজনীন সুলতানা ও কোয়ালিটি বিভাগের প্রধান ড. মোহাম্মদ মহিউদ্দিন।