মুশফিক মাঠে থেকে অবসর নিতে পারত

বাংলাদেশের ক্রিকেটাররা ইদানীং সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিচ্ছেন। কিছুদিন আগে অলক কাপালির প্রথম শ্রেণি থেকে সরে যাওয়া, তার আগে তামিম ইকবাল ফেইসবুক পোস্ট দিয়ে টি-টোয়েন্টি অবসরের কথা জানিয়েছেন। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন মুশফিকুর রহিম। যদিও জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক বলছেন মাঠ থেকে অবসর নিলেই ভালো হতো, একটা ট্রেন্ড চালু হতো।

টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর নেওয়া প্রসঙ্গে গতকাল মিরপুরে সাংবাদিকদের রাজ্জাক বলেন, ‘মাঠ থেকে বিদায় নিতে পারাটাই ভালো। মুশফিক যদি মাঠ থেকে বিদায় নিত সেটাই বোধহয় ভালো হতো। যদিও এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আর অবসর যখন নেবে ঠিক করেই রেখেছে তাহলে এশিয়া কাপের মাঠ থেকে অবসর নিত, খারাপ হতো না। এটা একটা ট্রেন্ড চালু হতো, সিস্টেমও চালু হতো।’ বিশ্বকাপকে সামনে রেখে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে এ অলরাউন্ডার থাকবেন কিনা সে বিষয়ে কিছু না বললেও রাজ্জাক জানালেন সৌম্য এবং নাঈম শেখ সবসময় টার্গেটের মধ্যে থাকে।