নারায়ণগঞ্জের চাষাঢ়ায় প্রকাশ্যে এক কিশোরকে চাকু দিয়ে আঘাত করছে দুই কিশোর। আর পাশেই দাঁড়িয়ে এ দৃশ্য দেখছে উৎসুক জনতা। আঘাতের পর আঘাতের একপর্যায়ে মাটিতে শুয়ে পড়ে আহত কিশোর বাঁচতে চেয়ে আর্তনাদ করছে। কিন্তু শেষ পর্যন্ত কেউ এগিয়ে আসেনি তাকে বাঁচাতে।
ফেইসবুকে এমন একটি ভিডিও গতকাল সোমবার সকাল থেকে ভাইরাল হয়েছে। তবে চাকুতে আঘাতপ্রাপ্ত কিশোর ও আঘাতকারী দুই কিশোরের পরিচয় এখনো পাওয়া যায়নি। এছাড়া শেষ পর্যন্ত চাকুর আঘাতে ওই কিশোরের শেষ পরিণতি কী হয়েছে তাও জানা যায়নি। ভিডিওর সূত্র ধরে পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে বলে জানিয়েছে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রেজাউল হক দীপু।
ফেইসবুকে ১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওটিতে লেখাÑ ‘শহরের বায়তুল আমান ভবনের সামনে এক কিশোর চাকু দিয়ে আঘাত করছে অপর কিশোরকে।’
ভিডিওটি দেখা যায়, শহরের প্রাণকেন্দ্রে চাষাঢ়া আমান ভবনের সামনে কালো টি-শার্ট পরা এক কিশোর অন্য কিশোরকে চাকু দিয়ে পায়ে ও পিঠে আঘাত করছে।