রাজশাহীর পুঠিয়ার পৌর মেয়র আল মামুন খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত রবিবার রাতে ভুক্তভোগী তরুণী (২৪) পুঠিয়া থানায় অভিযোগ করেন। গতকাল সোমবার ওই অভিযোগ মামলা আকারে নথিভুক্ত হয়। ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষা করাতে রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। মামলার পর মেয়র গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, গত এক বছর আগে পৌরসভায় একটি চাকরির জন্য মেয়রের কাছে গিয়েছিলেন তিনি। এরপর মেয়র আল মামুন খান বিয়েসহ বিভিন্ন লাভ দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন। সম্প্রতি মেয়র ওই তরুণীকে চাকরি দিতেÑ বিয়ে করতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেয়। পরে মেয়রের বিরুদ্ধে থানায় মামলা করেন ওই তরুণী।
পুঠিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল বারী বলেন, এক তরুণী বাদী হয়ে থানায় এই অভিযোগটি দায়ের করেন। সোমবার সকালে মামলাভুক্ত করা হয়েছে। ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করাতে সোমবার দুপুরে রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।