জামিন চেয়ে হাইকোর্টে ক্রিকেটার আল-আমিনের আবেদন

যৌতুক চেয়ে স্ত্রীকে মারধরের অভিযোগে দায়েরকৃত মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেন।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার (৫ সেপ্টেম্বর) জামিন আবেদনটি করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম। 

তিনি বলেন, জামিনের বিষয়ে শুনানি করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহাবুব। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে।

মামলা সূত্রে জানা যায়, ফ্ল্যাটের মূল্য পরিশোধের জন্য স্ত্রী ইসরাত জাহানের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন ক্রিকেটার মো. আল-আমিন হোসেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রীকে মারধর করেন আল-আমিন।

এসব অভিযোগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান। পরে তা মামলা আকারে নথিভুক্ত করা হয়।