কোনো খানের সঙ্গেই কখনো কাজ করতে চাইনি : একতা কাপুর

'কোনো খানের সঙ্গেই কখনো কাজ করতে চাইনি।' 

প্রকাশ্যেই এ কথা বললেন একতা কাপুর। মঙ্গলবার মুম্বাইতে 'গুডবাই'-এর ট্রেলার লঞ্চে এসে এমন মন্তব্য করেন প্রযোজক একতা। এদিন একতা ছাড়াও ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশ্মিকা মন্দানা, নীনা গুপ্তা। বিগ বি অভিতাভ বচ্চনও ভিডিও কলে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকলের সামনেই খানদের সঙ্গে কাজ না করার কথা বলেন বালাজি মোশন পিকচার্সের মালিক। 

কিন্তু ঠিক কী বলেছেন একতা কাপুর, কেনই বা বলেছেন?

একতা কাপুর বলেন, 'ছোট থেকেই আমি একজন ব্যক্তির সঙ্গেই কাজ করতে চেয়েছি, আর সেটা হলো বিগ বি। ছোটবেলায় আমি অমিতজির বাড়িতে বিভিন্ন জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতাম। শ্বেতা এবং অভিষেক আমার বন্ধু। অমিতাভ স্যার একবার বাবা (জীতেন্দ্র)কে বলেছিলেন, যে ও গোটা সন্ধ্যেটা আমার দিকে তাকিয়ে বসেছিল। আমার মনে হয় না আমি কোনোদিনই কোনো খানের কাজ করতে চেয়েছি। এমনকি অন্য কোনো কারোর সঙ্গেই চাইনি। শুধুমাত্র চেয়েছি অমিতাভ বচ্চনকে। আর অবশেষে সেটা সম্ভব হলো। এই ছবিতে কাজ করার অভিজ্ঞতাই আলাদা।'

'গুডবাই'-এর ট্রেলার শেয়ার করে একতা লেখেন, পরিবারের বাঁধনের কথা তো শুনেছেন, কখনো বোঝাপড়ার প্রথমবার দেখবেন! এই গল্পে ভালোবাসা, হাসি, আবেগ সবটাই আছে 'গুডবাই'-এর ট্রেলারে। ছবিটি মুক্তি পাবে ৭ অক্টোবর। 'গুডবাই'-এর পরিচালনা করেছেন বিকাশ বেহল। এই ছবিতে অমিতাভ বচ্চন ছাড়াও রয়েছেন নীনা গুপ্তা, সাহিল মেহতা, শিভিন নারাং, এলি আভরাম, পাভেল গুলাটি, সুনীল গ্রোভার।

গত এপ্রিলে শুরু হয়েছিল 'গুডবাই'-এর শুটিং। তখন থেকেই আলোচনায় ছিল এই ছবি। একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স-এর সঙ্গে এই ছবির প্রযোজনা করেছে গুড কো। গোটা বিশ্বেই মুক্তি পাবে এই ছবি। সূত্র : জিনিউজ