জবির উন্নয়নকাজে সাকার পরিবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিক্ষোভ

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের লেক নির্মাণকাজের দায়িত্ব দেওয়ার খবরে বিক্ষুব্ধ হয়ে উঠেছে কেরানীগঞ্জের বাসিন্দারা। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

কর্মসূচিতে অংশ নিয়ে তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান বলেন, ‘এশিয়ান ড্রেজার্স লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের লেক উন্নয়নের কাজ পেয়েছে। প্রতিষ্ঠানটি যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর পারিবারসংশ্লিষ্ট। এমন প্রতিষ্ঠানকে কাজ দেওয়া মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী।’ কোনো অবস্থাতেই সাকা পরিবারসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের নির্মাণকাজ বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কর্মসূচিতে অংশ নিয়ে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মেম্বার বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য স্থানীয়রা তাদের জমি দিয়েছেন। কিন্তু এর বাস্তবায়ন কোনো যুদ্ধাপরাধী পরিবারের হাত ধরে হোক তা চান না এলাকাবাসী। তাই অবিলম্বে যুদ্ধাপরাধী সাকা পরিবারসংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করতে হবে।’

কোন্ডা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য (মেম্বার) ময়ফল বেগম বলেন, ‘রাজাকার পরিবার দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ বাস্তবায়নের চেষ্টা করা হলে এলাকাবাসী সম্মিলিতভাবে তা প্রতিরোধ করবে।’

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অন্যদের মধ্যে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নূর নবী, জাহাঙ্গীর বাদশা, সেরাজ মেম্বার, বাবুল মেম্বার, তেঘরিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম আহাম্মেদ, সাধারণ সম্পাদক মো. আজমতসহ বিপুলসংখ্যক ক্ষতিগ্রস্ত ভূমি মালিক উপস্থিত ছিলেন।