যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেস বোলার আল আমিন হোসেন। গতকাল মঙ্গলবার হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাকে ৮ সপ্তাহের জামিন দেয়।
জামিনের এ মেয়াদ শেষে আল আমিনকে ঢাকার সংশ্লিষ্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
গত ১ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন তার স্ত্রী ইসরাত জাহান। তিনি অভিযোগ করেন, ক্রিকেটার আল আমিন যৌতুকের দাবিতে তাকে শারীরিক নির্যাতন করে সন্তানসহ বাসা থেকে বের করে দিয়েছেন। অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় মামলা হিসেবে নথিভুক্ত হয়।
এ মামলায় জামিন পেতে গতকাল হাইকোর্টে আসেন আল আমিন। তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভুঁইয়া।