রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে চুরির অভিযোগে চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, এই চার নারী সম্পর্কে পরস্পরের বোন। তারা জেলায় জেলায় ঘুরে নানা কৌশলে মানুষের বাসায় ঢুকে চুরি করে।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। এর আগেও তারা একই অপরাধে আটক হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলো মোসা. আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) ও পিয়ারা খাতুন (২৫)। তাদের মধ্যে মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দুজন তাদের চাচাতো ও ফুপাতো বোন।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘গ্রেপ্তার চারজন বিভিন্ন জেলায় ঘোরে। তারা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ খোঁজার বাহানায় ঢোকে। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যায়। যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যায়, তাই তাদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়। তারা উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে আটক করা হয়।’