ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

শিক্ষক বদলির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার একজন শিক্ষককে বদলির প্রতিবাদে গতকাল মঙ্গলবার দিনভর বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে আন্দোলনের ফসল হিসেবে সেই শিক্ষকের বদলির আদেশ বাতিল হয়েছে বলে জানা গেছে।

অভিভাবকরা জানান, দিবা শাখার ইংরেজির শিক্ষক আবু সুফিয়ানকে বসুন্ধরা থেকে আজিমপুর শাখায় বদলি করা হয়। মূলত ওই শাখার ইনচার্জ জগদীশ চন্দ্র পাল নানা কারণে তাকে অপছন্দ করার প্রতিশোধ হিসেবে এই বদলি করা হয়েছিল।

নামপ্রকাশ না করে একজন অভিভাবক জানান, ‘আবু সুফিয়ান একজন ভালো শিক্ষক। তিনি আন্তরিকতা নিয়ে হাতে-কলমে বাচ্চাদের শেখান। কেন তাকে বদলি করা হবে? গত মাসেও গণিতের বিশ্বজিৎ স্যারকে মূল শাখায় বদলি করে নিয়ে যাওয়া হয়। ভালো শিক্ষকদের এভাবে সরিয়ে নিলে আমাদের বাচ্চাদের পড়াশোনার কী হবে? ’

বসুন্ধরা শাখার দিবা বিভাগের ইনচার্জ জগদীশ চন্দ্র পাল সাংবাদিকদের জানান, ‘যে শিক্ষককে বদলি করা হয়েছে, উনিই তাকে বদলির বিষয়টি প্রথমে জানিয়েছেন। তবে ওই শিক্ষকের বদলি বাতিল হয়ে গেছে বলে আমি অফিস থেকে জেনেছি।’

তবে অভিভাবকরা বলছেন, শাখা প্রধান না জানলে তার শাখা থেকে একজন শিক্ষক বদলি হয় কীভাবে? এটাতো সরকারি অফিসেও হয় না। আসলে আবু সুফিয়ানের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন স্বয়ং শাখা প্রধানই। অধ্যক্ষের সঙ্গে যোগসাজশ করেই তাকে বদলি করেছিলেন।

তবে এ ব্যাপারে আবু সুফিয়ানের ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।