একটু বৃষ্টিতেই হাঁটু পানি। জলাবদ্ধতা বাড়ির উঠান হয়ে ঘরে ঢোকার অপেক্ষায়। সেই সঙ্গে বিশুদ্ধ পানির তীব্র সংকট গত ১ মাস ধরে।
এই হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের দেউলী এলাকার চিত্র।
পানি সমস্যা সমাধানে নগর ভবন পর্যন্ত জানিয়েও কোনো সুফল মেলেনি। বাধ্য হয়ে রাস্তায় নেমে মানববন্ধন করেছেন কয়েকশ এলাকাবাসী। তবুও পানি সমস্যার সমাধান হয়নি। তার উপর বৃষ্টির পানিতে সয়লাব গোটা এলাকা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সিটি করপোরেশনের বাসিন্দা হয়েও কয়েক বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে বলে জানান এলাকাবাসী।
বুধবার (৭ সেপ্টেম্বর) সরেজমিনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডে গিয়ে এ চিত্র দেখা গেছে।
স্থানীয় আবদুল আলী জানান, গত কয়েক দিন আগে সিটি করপোরেশনের সার্ভে টিম এসে বাড়ি-ঘর পরিমাপ করে নিয়ে গেছে। ৫ বছর পর পর এসেসমেন্ট করে ট্যাক্স (কর) বাড়ানো হয়। মোটা অঙ্কের কর দিয়েও ন্যূনতম নাগরিক সেবা পাচ্ছি না আমরা। বৃষ্টি এলেই গোটা এলাকা পানিতে ডুবে যায়। পানি যাওয়ার কোন ব্যবস্থা নেই। ড্রেনেজ করা হয়নি দীর্ঘদিন।
এ নিয়ে বহুবার অভিযোগ দেয়ার পরও সিটি করপোরেশন কোন কর্ণপাত করেনি। ফলে দুর্ভোগ পোহাচ্ছে কয়েক হাজার বাসিন্দা। শুষ্ক মৌসুমে এমন জলাবদ্ধতা দেখে মনে হয় আমরা সিটি করপোরেশনের বাসিন্দা? প্রশ্ন করেন তিনি।
এর সঙ্গে গত ১ মাস ধরে যুক্ত হয়েছে পানি সমস্যা। ওয়াসার পানি বণ্টনের দায়িত্ব সিটি করপোরেশন নেওয়ার দুই বছর অতিবাহিত হলেও বিশুদ্ধ পানির সংস্থান করতে পারেনি। এখন পাম্প নষ্ট হওয়ায় পানি একেবারেই বন্ধ। নগরবাসীর দুর্ভোগ দিন দিন বাড়ছেই।
মুজিব শত বর্ষ উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মো. আফজাল বলেন, আমার বসতঘরের উঠানে পানি। রাস্তায় পানি। আরেকটু হলেই পানি ঘরে প্রবেশ করবে। জলাবদ্ধতার কারণে বছরের অধিকাংশ সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি মেয়র সেলিনা হায়াত আইভীর কাছে দাবি জানাই অবিলম্বে আমাদের দেউলী চৌরাপাড়া এলাকায় জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ করুন। পানি সমস্যা সমাধান করুন।
এ ব্যাপারে স্থানীয় ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বলেন, দেউলী, চৌরাপাড়া ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা দীর্ঘদিনের। আমরা ইতিমধ্যে কয়েকটি ড্রেন করে দিয়েছি। সামনে আরও কয়েকটি ড্রেনের প্রস্তাব করা হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে জলাবদ্ধতার সমস্যা আর থাকবে না।