চ্যাম্পিয়নস লিগে বড় জয়ে দুর্দান্ত শুভ সূচনা করেছে ম্যানচেস্টার সিটি। ২১ বছর বয়সী নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হল্যান্ডের জোড়া গোলে সেভিয়ার জালে এক হালি গোল দিয়েছে সিটি। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে ৪-০ ব্যবধানে জিতেছে পেপ গার্দিওলার দল। একটি করে গোল করেন ফিল ফোডেন আর রুবেন ডিয়াস।
একতরফা লড়াইয়ে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে সিটি। ২০তম মিনিটে এগিয়ে যায় দলটি। কেভিন ডি ব্রুইনের ক্রস ছুটে গিয়ে পা তুলে দারুণ এক গোল করেন হালান্ড। সিটির আক্রমণ সামলাতে ব্যতিব্যস্ত সেভিয়া তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি প্রথমার্ধে।
দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে পেপ গার্দিওলার দল। ৫৮তম মিনিটে জোয়াও কানসিলোর পাস থেকে পোস্ট ঘেঁষে নেওয়া শটে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড। ফোডেনের নিচু শট গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি, সামনেই দাঁড়ানো হালান্ড বল জালে জড়িয়ে দেন।
এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলের এক হালি পূরণ করেন ডিয়াস। ডানদিক থেকে কানসেলোর পাস বক্সে ফাঁকায় পেয়ে সেভিয়া গোলরক্ষককে সহজেই পরাস্ত করেন পর্তুগিজ ডিফেন্ডার।
এই গ্রুপের আরেক ম্যাচে জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটি ৩-০ গোলে হারিয়েছে ডেনমার্কের এফসি কোপেনহেগেনকে।