নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন মহানগর বিএনপির ২২ নেতা।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহের আদালতে আগাম জামিনের আবেদন করলে আদালত তাদের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে।
জামিন পেয়েছেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহেমেদসহ ২২ জন।
বিএনপি নেতাদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান খান, ব্যারিস্টার মেহেদী হাসান, ব্যারিস্টার মার ই য়াম খন্দকার ও অ্যাডভোকেট নুরুল হুদা।
ব্যারিস্টার মার ই য়াম খন্দকার জানান, তারা আগাম জামিনের আবেদন করলে আদালত ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে।
প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে র্যালি আয়োজন করা হলে অনুমতি না থাকায় পুলিশ বাধা দেয়। এ নিয়ে সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহত এবং পুলিশসহ শতাধিক আহত হয়। এ ঘটনায় নিহত শাওনের ভাই ও পুলিশ পৃথক দুটি মামলা করেন। পুলিশের মামলায় বিএনপির ৭১ জনের নাম উল্লেখ করে চার/পাঁচ হাজার জনকে আসামি করা হয়।