বুধবার (৭ সেপ্টেম্বর) ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত ডেইলি স্টার সেন্টারে শিশু শিক্ষা ও সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শাপলা নীড়’র ৫০ বছর পূর্তি উদ্যাপিত হয়েছে।
‘শাপলা নীড় বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টরের স্বাগত বক্তব্য ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। ৫০ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি যাদের হারিয়েছে তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে শাপলা নীড় বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তোমোকো উচিয়ামা বলেন, শাপলা নীড় সব সময় সব ধরনের মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাইকার প্রধান প্রতিনিধি ইহো হায়াকাউয়া শাপলা নীড়ের ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানিয়ে বলেন, শাপলা নীড় কমিউনিটির জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে যেভাবে প্রান্তিক লোকদের জন্য কাজ করেছে তা প্রশংসার দাবিদার।
শাপলা নীড়ের কাজের প্রশংসা করে বিশেষ অতিথি এনজিওবিষয়ক ব্যুরো’র পরিচালক তপন কুমার বিশ্বাস (যুগ্ম সচিব) বলেন, বাংলাদেশের উন্নয়নে জাপান ও এনজিওসমূহের অবদান অনেক। এনজিওসমূহের কাজ সহজ ও দ্রুত করতে এনজিও ব্যুরো সব সময় কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের সঙ্গে জাপানের কূটনীতিক সম্পর্ক উল্লেখ করে বর্তমানে বাংলাদেশে জাপান সরকারের সহায়তায় শাপলা নীড় যে সব প্রকল্প পরিচালনা করছে তা তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
শাপলা নীড়ের সিনিয়র উপদেষ্টা ওহাসি মাসাকি বাংলাদেশে শাপলা নীড়ের পথচলা, বিভিন্ন অভিজ্ঞতা ও পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের মধ্যে বাংলাদেশে জাপানি সহায়তা সবচেয়ে বেশি।
অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রধানেদের পাশাপাশি বর্তমান পার্টনার অর্গানাইজেশনের প্রধান ও শাপলা নীড়ের পুরোনো কর্মীরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে আইএলও, অপরাজেয় বাংলা, টিএমএসএস, মিতসুবিশি করপোরেশন, এডাব, নারীপক্ষ, ও অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।