শুরুর ঝড়ের গতি হারিয়েছে আফগানিস্তান

বোলিং ইনিংসের শুরুটা দেখে মনে হয়েছিল জাজাইদের চেপে ধরবেন নাসিমরা। তবে দ্বিতীয় ওভারেই রহমানরা দারুণভাবে ঘুরে দাঁড়ান। পাক বোলাদের ওপর দুই ওপেনারই চড়াও হন। যদিও দুজনেই ফিরে গেছেন পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই। দুজনের উড়ন্ত সূচনার ধারাবাহিকতাটাও বজায় থাকেনি আর। দুই ওপেনারের আগ্রাসনে কোণঠাসা পাকিস্তান বোলাররাও ঘুরে দাঁড়িয়েছেন। তাতে শুরুর ঝড়ের গতি হারিয়েছে আফগানিস্তানের স্কোর বোর্ডে। 

নাসিম শাহের প্রথম ওভারে আসেনি কোনো বাউন্ডারি। তবে রানের খাতায় ৪ রানই ঠিকই যোগ করেন দুই আফগান ওপেনার। এতে মনে হয়েছিল শুরুটা চাপেই রাখবে তারা। তবে দ্বিতীয় ওভারেই যেন ভোল পাল্টান রহমানউল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাই। হাসনাইনের করা সে ওভারে তারা আনেন ১৬ রান। পরের ওভারে নাসিম শাহও দেন ৭ রান। তৃতীয় ওভারে টানা দুই চার আসে জাজাইয়ের ব্যাট থেকে। তৃতীয় বলে পেতে হারিস রউফ পারতেন উইকেট। কিন্তু থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা নাসিম শাহ ক্যাচ মিস করলে বেঁচে যান জাজাই।

তবে দুই বল পর ওভারের পঞ্চম বলেই প্রথম সাফল্য পায় পাকিস্তান। হারিসের ১৪৪ কিলো গতির ডেলিভারিটি উড়িয়ে মারতে চেয়েছিলেন গুরবাজ। কিন্তু তার আগেই স্টাম্প উড়ে যায়। ফেরার আগে ১১ বলে ১৭ রানে একটি ইনিংস খেলেন। যা দুটি ছক্কায় সাজানো ছিল। পরের ওভারেই দ্বিতীয় সাফল্য এনে দেন হাসনাইন। তার করা গুড লেংথের বল সুইং হয়েছিল, সেটা টোকা দিতে চেয়েছিলেন জাজাই। কিন্তু অফ স্টাম্পে বল আঘাত করলে বিদায় নিতে হয় এ হার্ডহিটারকে। ১৭ বলে ২১ রানের ইনিংসটি ৪টি চারে সাজানো ছিল।

আফগানদের দুই ওপেনারের বিদায়ে ছন্দ হারায় শুরুর ঝড়ে ছন্দ হারায়। ৬ ওভারে ৪৮ রানের পর ১০ ওভারে আসে ৭২ রান। করিম জানাত ১৫ ও ইব্রাহিম জাদরান ১৬ রানে অপরাজিত আছেন।