পুলিশের বিশেষায়িত সংস্থা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন। গতকাল বুধবার এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার প্রধান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসএম রুহুল আমিন ১২তম বিসিএস ব্যাচের পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করেন। তিনি ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি কর্মজীবনে এএসপি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, দিনাজপুর, রাঙ্গামাটি, কুমিল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সিলেট, ৭ এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা ও নওগাঁ জেলায় কর্মরত ছিলেন। তিনি রাজবাড়ী, ঝালকাঠি ও সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে এবং চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।