শ্রীমঙ্গলে স্কুলে যাওয়ার পথে বালু ভর্তি ট্রাকের ধাক্কায় পা ভাঙল রুমকি আক্তার (৫) নামে এক শিক্ষার্থীর। প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন সহপাঠীরা।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে ভূনবীর ইউনিয়নের শাসন সরকারি প্রাইমারি স্কুলে যাওয়ার সময় শাষন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই শাসন প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা উপজেলার মির্জাপুর সড়কটি ব্যারিকেড দিয়ে রেখেছেন বলে খবর পাওয়া গেছে।
আহত স্কুল শিক্ষার্থী উপজেলার শাসন বটতল এলাকার ইসমাইল লস্করের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ভুনবীর ইউনিয়নের শাসন সরকারি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী রুমকি আক্তার (৫)। সকালে স্কুলে যাওয়ার সময় বালু ভর্তি একটি ডায়না ট্রাক রুমকিকে ধাক্কা দিলে তার পা ভেঙে যায়।
পরে এলাকাবাসী এগিয়ে এলে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। রুমকি আক্তারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য মেয়েটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, অবৈধ বালু উত্তোলনকারীরা এলাকার কৃষি জমি থেকে মেশিন দিয়ে দীর্ঘ বছর থেকে বালু উত্তোলন করে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছে। তাদের উৎপাতে রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নামকাওয়াস্তে অভিযান পরিচালনা করা হলেও তারা আবার সিন্ডিকেট করে বালু উত্তোলন করেন বলে তারা জানান।
ট্রাকটি এলাকার কবির মোল্লার অবৈধ বালু বহন করছিল বলে নিশ্চিত করেন শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিনাকী রঞ্জন দেব।
বালু ব্যবসায়ী কবির মোল্লা বলেন, হঠাৎ দৌড় দেওয়ার কারণে বালুর গাড়ির ধাক্কায় মেয়েটি সামান্য আঘাত পায়। আমরা মেয়েটিকে চিকিৎসা করাতে যা যা লাগে সবকিছু করব।
তিনি আরও বলেন, ভূনবীর ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুর রশিদ বিষয়টিকে বড় করার জন্য টিএনও, এসিল্যান্ড স্যারকে এনেছেন মামলা দেওয়ার জন্য।
শ্রীমঙ্গল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মৌমিতা বলেন, রুমকি আক্তারের একটি পা খুব বাজেভাবে ভেঙেছে। আমরা মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হবে বলে তিনি জানান।