কানাডিয়ান পলিটিকাল কাউন্সিলরের সঙ্গে বিএনপির বৈঠক

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের এক দিন পরই ঢাকায় নিযুক্ত কানাডিয়ান পলিটিকাল কাউন্সিলর ব্রেডলি কোর্টসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের মৃত্যু, হামলা-মামলার বিষয়টি তুলে ধরেছেন তারা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরো অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। বৈঠক শেষে গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলেও রাজি হননি ব্রেডলি।

এ ব্যাপারে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দেশ রূপান্তরকে বলেন, ‘এক মাস আগে কানাডিয়ান পলিটিকাল কাউন্সিলর ব্রেডলি কোর্টস নিযুক্ত হয়েছেন। তিনি এসেছেন সৌজন্য সাক্ষাৎ করতে। সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘সারাদেশে বিএনপির ওপর যে দমন-পীড়ন চলছে তা তিনি জানতে চেয়েছেন এবং দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

এর আগে, বুধবার ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল।