'অনুপমা' টেলিভিশন ধারাবাহিকের অভিনেতা পরশ কালনাওয়াত এখন 'ঝলক দিখলা যা' সিজন ১০ মাতাচ্ছেন। তার নাচ দেখে মুগ্ধ অনুরাগীরা। তবে প্রাক্তন প্রেমিকার থেকে প্রশংসা পাওয়া আলাদা অনুভূতি।
কে পরশের প্রাক্তন? জানতেন না অনেকেই। এই সুযোগে জানতে পেরে মিশ্র অনুভূতি সোশাল মিডিয়ায়।
দেখা গেল, পরশের প্রশংসায় বেশ উচ্ছ্বসিত উরফি জাভেদ। তাতে হেসে গড়াগড়ি এক দল। আরেক দল আবার ভালোবাসা ব্যক্ত করলেন। উরফি লিখেছেন, 'বন্ধু, তোমাকে বড় হতে দেখে আমি গর্বিত।' সঙ্গে হৃদয়ের ইমোজি।
অনেকেই জানেন না, উরফি এবং পরশ আগে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু তিক্ততা বাড়ায় দুজন আলাদা হয়ে যান। তার পর থেকে উরফি এবং পরশ একে অপরের প্রতি কটূক্তি এবং কটাক্ষের বন্যা বইয়ে দিতেন সোশাল মিডিয়ায়।
তবে কিছু দিন ধরেই গাঢ় হয়েছে তাদের রসায়ন। বয়স বাড়তে তাদের সহনশীলতাও বেড়েছে বলে অনুমান ভক্তদের। প্রাক্তন প্রেমিকার উদ্দেশে কিছু দিন আগে পরশও এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'উরফি অক্লান্ত পরিশ্রম করছে নিজের জায়গা গড়ে তুলতে। আমি ওর প্রচেষ্টাকে সম্মান করি। ওর ভালো হোক।' সূত্র : ইন্ডিয়া টুডে