মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানালেন

'তাদের বাধা দেওয়া হয়নি, রণবীর-আলিয়া নিজেরাই ঢোকেননি'

মহকাল মন্দিরে রণবীর ও আলিয়াকে ঢুকতে বাধা দেওয়া হয়নি। বরং তারা নিজেরাই ঢুকতে চাননি! বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে স্পষ্ট করে এ কথা জানালেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেন, মন্দির চত্বরে অন্য এক বিষয়ে প্রতিবাদ চলছিল। সে কারণেই মন্দিরে ঢুকতে চাননি রণবীর ও আলিয়া।

মন্ত্রীর দাবি, আলিয়া ও রণবীরের সঙ্গে থাকা অন্য লোকেরা মন্দিরে ঢুকেছেন, পুজো দিয়েছেন। মন্ত্রী জানান, রণলিয়াকে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য অনুরোধও জানানো হয়েছিল। কিন্তু তারা ভেতরে যেতে চাননি।

ঠিক কী ঘটেছিল?
রণবীর কাপুরের পুরনো সাক্ষাৎকারের জেরে মুক্তির আগে বেশ বিপাকে 'ব্রহ্মাস্ত্র' টিম। সোশাল মিডিয়ায় এর মধ্যেই ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছে। এবার মহাকাল মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হলো রণবীর ও আলিয়াকে। বজরং দলের বিক্ষোভের কারণে মন্দিরে ঢুকতেই পারলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। পুজো দিতে পারলেন শুধু ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

বিতর্কের সূত্রপাত হয়েছিল রণবীরের 'রকস্টার' সিনেমার মুক্তির সময়। সেই সিনেমার প্রচারের সময়ই অভিনেতা জানিয়েছিলেন, তার পরিবার পেশোয়ারে থাকত। তাই নানা ধরনের মাংস খেতে পছন্দ করেন তারা। রণবীর নিজেও গোমাংস খেতে ভালোবাসেন বলেও জানান। পুরনো সেই সাক্ষাৎকার 'ব্রহ্মাস্ত্র' মুক্তির আগে নতুন করে ভাইরাল হয়। এতেই ক্ষিপ্ত হন অনেকে। সোশাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানানো হয়। ছবি বয়কটের ডাকও দেওয়া হয়। এমনকি, আলিয়া ভাটকেও হিন্দুবিরোধী তকমা দেওয়া হয়।

মঙ্গলবার মহাকাল মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে নিয়ে গিয়েছিলেন রণবীর, আলিয়া এবং অয়ন। তাদের আসার খবর পেতেই মন্দির চত্বরে জড়ো হন বজরং দলের সমর্থকরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। তাদের উপস্থিতিতেই বিক্ষোভ দেখাতে থাকেন বজরং দলের সমর্থকরা। আলিয়া ও রণবীরকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান। 'জয় শ্রীরাম' স্লোগানও নাকি দেওয়া হয়।

এ কারণে আর মন্দিরে প্রবেশের ঝুঁকি নেননি রণবীর-আলিয়া। শুধুমাত্র অয়ন মন্দিরে ঢুকে পুজো দেন। সিনেমার সাফল্য কামনা করেন। আগামী শুক্রবারই সিনেমা হলে মুক্তি পাচ্ছে 'ব্রহ্মাস্ত্র'।

উল্লেখ্য, ছবিতে শিবের ভূমিকাতেই অভিনয় করছেন রণবীর। আলিয়া রয়েছেন ইশার (যার অর্থ পার্বতী) ভূমিকায়। এ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সূত্র : হিন্দুস্তান টাইমস