'কতটুকু পথ পাড়ি দিলে ভালোবাসা ছোঁয়া যায় / আকাশ মাটিতে নামে নিবিড় মমতায় / জানি একদিন খুঁজে নেব / খুঁজে নেবো তোমায়'
চমৎকার গানের কথা সাজিয়েছেন দেশের প্রবাদপ্রতিম গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী আর এতে সুর আর সংগীত জুড়েছেন সুমন কল্যাণ। আর সুমনের ব্যান্ড 'ক্ষ্যাপার দল-এর এটি চতুর্থ গান। এই গানটির সূত্র ধরেই কথা হয় সুমন কল্যাণের সাথে। দেশ রূপান্তরকে তিনি তার পুরনো অথচ নতুন ব্যান্ড আর তার গানের গল্প শোনান।
'২০০০ সালে গঠিত হয় ক্ষ্যাপার দল। একেবারে নিজেদের ব্যান্ড। আমরা আমাদের নিজেদের গান করব- এই ইচ্ছে থেকে। এর পর প্রায় বছর দুয়েক ব্যান্ডটি রান করে। তার পর আমাকে কাজের তাগিদে চলে আসতে হয় ঢাকায়। এর পর আর করা হয়নি ব্যান্ড। এর পর দীর্ঘ বিরতি। তবে মাথা থেকে নামেনি ক্ষ্যাপার দল।'
বলছিলেন সুমন কল্যাণ। 'মানুষের স্বপ্ন তো মরে না। ক্ষ্যাপার দল স্বপ্নটিও মরেনি। প্রায় ২০ বছর পর আবার ফিরে এসেছি সেই স্বপ্ন নিয়ে। মাঝখানের এই দুই দশকে অনেক কিছুই করেছি, তবে ক্ষ্যাপার দল করা হয়নি। শেষ পর্যন্ত এবারের রোজার ঈদে প্রথম গান প্রকাশের মধ্য দিয়ে ফের যাত্রা শুরু করল ক্ষ্যাপার দল।'
'এর মধ্যেই আমরা আমাদের মতো করে চারটি গান করে ফেলেছি। শেষ গানটির গীতিকার আমাদের সবার শ্রদ্ধেয় গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। আর বাকি তিনটি গান লিখেছেন রাফিউজ্জামান রাফি। আবারও বলছি, আমাদের নিজেদের জন্য গান করি। এটাকে এক ধরনের আত্মতুষ্টি বলতে পারেন।'
'জঙ্গী ভাইয়ের গানটি ২০১৭ সালের। সে সময়ই আমরা বসে সুর করে ফেলি। আমার মনে হয়েছে- একটা ব্যান্ড করব আর জঙ্গী ভাইয়ের মতো কিংবদন্তি গীতিকারের গান করব না। এই ভাবনা থেকেই তার গান করা।' বলেন সুমন। 'এর পর এলো প্যানডেমিক। সে সময় বসে ধীরে ধীরে ক্ষ্যাপার দলের জন্য একটা একটা করে গান করি। এর পর একসাথে সব গানের মিউজিক ভিডিও তৈরি করে একে একে অবমুক্ত করি।'
সুমন কল্যাণ বরলেন, 'আশা করছি এর পর থেকে শ্রোতা-দর্শকরা নিয়মিত আমাদের মানে ক্ষ্যাপার দলের গান শুনতে পাবেন। আমরা চাই ভালো গান করতে। আপনাদের উৎসাহ আমাদের প্রেরণা যোগাবে।'
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্টুডিও প্রোটিউনবিডির ব্যানারে প্রকাশিত হয়েছে ক্ষ্যাপার দলের চতুর্থ গান 'জানি একদিন'। শহীদ মাহমুদ জঙ্গীর কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন সুমন কল্যাণ। প্রোটিউন টিমের পরিচালনায় মিউজিক ভিডিওতে অংশ নেন ব্যান্ডের সব সদস্য। সুমন কল্যাণ ছাড়াও অংশ নেন মান্নান সোহেল (ড্রামস ও ভোকাল), রাজিব ঘোষ (গিটার) ও দানেশ (বেজ)।
অপু আহমেদের দৃশ্যধারণে মিউজিক ভিডিওটি সম্পাদনা করেন ফয়সাল পার্ক।