বার্সার জার্সিতেও হ্যাটট্রিক লেভার

লা লিগা অভিষেকে গোলশূন্য। পরের দুম্যাচে জোড়া গোল। এরপর একটি। পঞ্চম ম্যাচটা ছিল চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার নতুন শুরুর প্রথম। সেটা হ্যাটট্রিক দিয়ে রাঙালেন রবার্ট লেভানডফস্কি। বুধবার রেকর্ড গড়া সেই হ্যাটট্রিকে বার্সেলোনা ভিক্টোরিয়া প্লাজেনকে হারিয়েছে ৫-১ গোলে।

ক্যাম্প ন্যু’র ৭৭ হাজার দর্শককে ১৩ মিনিটেই উৎসবে মাতান এসি মিলান থেকে বার্সায় আসা আইভোরি কোস্ট সেন্টার মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি। অ্যাসিস্ট ছিল সেভিয়া থেকে আসা ডিফেন্ডার জুলস কুন্দে। ৩৪ মিনিটে সের্জি রবার্তোর পাসে লেভার প্রথম গোল। ৪৪ মিনিটে প্লাজেন ব্যবধান কমানের পর ইনজুরি টাইমে উসমান দেম্বেলের ক্রসে সামনে ঝাঁপিয়ে পড়ে হেডে দ্বিতীয় গোল করেন পোলিশ স্ট্রাইকার। ৬৭ মিনিটে করেন হ্যাটট্রিক। ডি বক্সের বাইরে থেকে ফেরান তোরেসের পাস পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান। চ্যাম্পিয়নস লিগে ষষ্ঠ হ্যাটট্রিক। তিনিই প্রথম খেলোয়াড় যিনি তিনটি ভিন্ন দলের হয়ে এই প্রতিযোগিতায় হ্যাটট্রিক করলেন (আগের দুই ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড-১ ও বায়ার্ন মিউনিখ-৫)। ৮৯ গোল নিয়ে করিম বেনজমাকে টপকে চ্যাম্পিয়নস লিগে গোলদাতাদের তৃতীয় স্থানে উঠেছেন তিনি। তার ওপরে কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪০ গোল) ও লিওনেল মেসি (১২৫ গোল)।

লেভার এই পারফরম্যান্স কোচ জাভির কণ্ঠে প্রশংসা বৃষ্টি ঝরিয়েছে, ‘শুধুই হ্যাটট্রিক না। তার কাজটা, তার প্রভাবিত করা খেলা। সে শুধু নিজেই খেলে না, দলকেও খেলায়। সে জায়গা ফাঁকা করে নেয়। আমি তার প্রেমে পড়ে গেছি। দুর্দান্ত এক চুক্তি করেছি আমরা।’

১৩ সেপ্টেম্বর পরের ম্যাচেই লেভাকে খেলতে হবে পুরনো ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে। বায়ার্ন ২-০ গোলে ইন্তার মিলানকে হারিয়ে শুরু করেছে বুধবার। সান সিরোতে ম্যাচের ২৫ মিনিটে লেরয় সানে গোল করেন। দ্বিতীয় গোলটি ডিফেন্ডার দানিলো ডি অ্যাম্ব্রসিওর আত্মঘাতী।