পথশিশু বিশ্বকাপে বাংলাদেশ

আসছে নভেম্বরে কাতারে বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। তবে তার আগেই দোহাতেই আগামী মাসে আয়োজিত হবে বিশ্বের পথশিশুদের নিয়ে বিশ্বকাপ। ভিন্নধর্মী এই আসরে অংশ নেবে বাংলাদেশের মেয়ে পথশিশুদের একটি দল। গতকাল সেই দলের সদস্যদের নিয়ে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে এই অনুষ্ঠানের আয়োজন করে পথশিশুদের নিয়ে কাজ করা সংস্থা লিডো।

লিডো কাজ করছে এসব পথশিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। তাদের মাধ্যমেই অনন্য এক অভিজ্ঞতা নিতে দোহা যাবে একঝাঁক কিশোরী। ফুটবল বিশ্বকাপের আগে পথশিশুরা ক্রিকেট বিশ্বকাপ খেলেছেন। সেই বিশ্বকাপ খেলে আসা নিজাম বলেন, ‘আমাদের জীবন পথে পথে কেটেছে। আমাদের কেউ দেখার ছিল না। এই লিডোর মাধ্যমে আমরা এখন সামাজিক একটা মর্যাদা পেয়েছি। বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেছি। আগে আমি লিডো স্কুলের স্টুডেন্ট ছিলাম এখন সেখানে পড়াই।’