মানবতাবিরোধী অপরাধ

সাতক্ষীরার চার আসামিকে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া সাতক্ষীরার শ্যামনগরের চার আসামিকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেয়।

চার আসামি হলেন শ্যামনগরের এস এম মহসিন উল মুলক, জি এম মহিউদ্দিন, মো. ফজর আলী গাজী ও কুদ্দুস গাজী। তারা সবাই স্থানীয় বিভিন্ন গ্রামের বাসিন্দা।

মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল ও পরবর্তী শুনানির জন্য আগামী ১১ অক্টোবর ধার্য করে ট্রাইব্যুনাল। গত বুধবার এ মামলার ১০ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। এর ধারাবাহিকতায় চারজনকে গ্রেপ্তারের পর ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অপর ৬ আসামি এখনো পলাতক।