নিম্ন আদালতকে নথির টাইপকপি পাঠাতে নির্দেশনা

দেশের অধস্তন আদালত থেকে সুপ্রিম কোর্টে পাঠানো নথির সঙ্গে সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) এবং সংশ্লিষ্ট কাগজপত্রের টাইপকপি সত্যায়িত করে পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গত বুধবার সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়।

২০০৩ সালের ২০ জুলাই এবং ২০২০ সালের ১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের পৃথক দুটি বিজ্ঞপ্তির বরাত দিয়ে বলা হয়, নির্দেশনাটি গুরুত্বসহকারে যথাযথভাবে প্রতিপালন করার জন্য আবারও নির্দেশ দেওয়া হলো।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, দুটি বিজ্ঞপ্তি দিলেও নির্দেশনাটি যথাযথভাবে পালন করা হচ্ছে না। ফলে অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে পাঠানো নথিতে সাক্ষীর সাক্ষ্য ও অস্পষ্ট হাতের লেখা সংবলিত সংশ্লিষ্ট কাগজপত্র অনেক সময় পাঠ উদ্ধার সম্ভব হয় না। সে জন্য সঠিকভাবে পেপারবুক তৈরিসহ আদালতে মামলা শুনানির ক্ষেত্রে দেরি হয়।