স্বর্ণের দোকানে চুরি ডাকাতিতে জড়িতদের গ্রেপ্তার দাবি

সারা দেশে জুয়েলারি শিল্পের চলমান সংকট ও সমস্যার সমাধানসহ এ শিল্পের নিরাপত্তার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে দেশজুড়ে জুয়েলারি শিল্পে চুরি, ডাকাতি ও হত্যার ঘটনাগুলো দ্রুততার সঙ্গে তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা এবং চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

গতকাল বৃহস্পতিবার সকালে পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাজুস কার্যালয়ে জুয়েলারি শিল্পের নিরাপত্তার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এ সময় সংগঠনটির সাবেক প্রেসিডেন্ট দিলীপ রায় ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন এন্টি স্মাগলিং অ্যান্ড ল এনফোর্সমেন্টের সদস্য সচিব ইকবাল উদ্দিনসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বাজুসের এন্টি স্মাগলিং অ্যান্ড ল এনফোর্সমেন্টের চেয়ারম্যান এনামুল হক খান দোলন বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জুয়েলারি দোকানে চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রামের বাজুস সদস্য ধীমান ধরকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমরা ঘটনাগুলো দ্রুততার সঙ্গে তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা এবং চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের জুয়েলারি প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানাচ্ছি।