ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের এক দিনের ব্যবধানে ঢাকাস্থ কানাডিয়ান পলিটিক্যাল কাউন্সিলর ব্রেডলি কোর্টসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৈঠকে গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের মৃত্যু, হামলা-মামলার বিষয়টি তুলে ধরেছেন দলটির নেতারা।
এর আগে গত বুধবার ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধিদল।
গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে দলটির পক্ষ থেকে আরও অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। বৈঠক শেষে গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলেও রাজি হননি ব্রেডলি।
বৈঠকে অংশ নেওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দেশ রূপান্তরকে বলেন, ‘এক মাস আগে কানাডিয়ান পলিটিক্যাল কাউন্সিলর ব্রেডলি কোর্টস নিযুক্ত হয়েছেন। আজ তিনি এসেছেন সৌজন্য সাক্ষাৎ করতে। সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’