জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মুহাম্মদ (জিএম) কাদেরের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ছিনতাই হওয়ার আট দিন পর গত বুধবার রাজধানীর কারওয়ান বাজার থেকে তার আইফোনটি উদ্ধার করেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের সদস্যরা। এ ঘটনায় পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো আজিজুল (২১), আজিজ (১৯), ইসমাইল (২৪), সানাউল্লাহ (৩২) ও সুবল চন্দ্র ঘোষ (৩২)।
মোবাইল ফোন উদ্ধারের পর গতকাল বৃহস্পতিবার উত্তরা বিভাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপকমিশনার তাপস কুমার বলেন, ‘গত ৩১ আগস্ট উত্তরায় বাসায় যাওয়ার পথে বিমানবন্দর থানা এলাকার রাস্তায় গাড়িতে থাকা অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মোবাইল ফোনটি টান মেরে নিয়ে যায় দুই ছিনতাইকারী। এ সময় এক ছিনতাইকারীকে ধরা গেলেও আরেকজন মোবাইলটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে বিভিন্ন তথ্যের ভিত্তিতে কারওয়ান বাজার এলাকায় মোবাইলটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হই আমরা। পরে অভিযান চালিয়ে আইফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও জানান, মোবাইলটি ছিনতাইয়ের পর কারওয়ান বাজার এলাকায় প্রথম বিক্রি হয়। লাখ টাকার মোবাইল বিক্রি হয় ২৩ হাজার টাকায়। তারপর একে একে আরও চারবার বিক্রি হয় বিভিন্নজনের হাত ঘুরে। এ ঘটনায় গত ৩১ আগস্ট রাতে জিএম কাদেরের একান্ত সহকারী তৈয়ব আলী বিমানবন্দর থানায় মামলা করেন।
এক পুলিশ কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, গতকাল বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরে জিএম কাদেরের বাসায় গিয়ে আইফোনটি তার হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উত্তরা বিভাগের উপকমিশনার মোর্শেদ হাসান ও অতিরিক্ত উপকমিশনার তাপস কুমার। মোবাইল ফোন ফেরত পেয়ে স্বস্তি প্রকাশের পাশাপাশি উদ্ধারকারী পুলিশ কর্মকর্তাদের তিনি ধন্যবাদ জানান।