সমুদ্রবন্দরে আজও তিন নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে আজও তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার 'নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য-বঙ্গোপসাগর ও এর আশপাশের উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উওর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

আজ সকাল ৬টা পর্যন্ত টাঙ্গাইল ও সন্দ্বীপে সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও ফেনী ৫১, সীতাকুণ্ডে ৪২, বগুড়ায় ৩৭ ও কুমিল্লায় ৩২  মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানায়।  

এদিকে ফরিদপুর, সিরাজগঞ্জ, সিলেট , মৌলভীবাজার, ময়মনসিংহ, কুমিল্লা, চাঁদপুর, ফেণী, সাতক্ষীরা , যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে হতে পারে।

শুক্রবার তাড়াশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং কুমিল্লায় সর্বনিম্ন ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।