মেহেরপুরের গাংনীতে তাসনিম ঊর্মি (২৩) নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর পালিয়ে গেছেন স্বামী আশরাফুজ্জামান প্রিন্স।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে বলে জানাগেছে।
এক ছেলের জননী উর্মি উপজেলার চাঁদপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উর্মি।
ঊর্মির বাবা গোলাম কিবরিয়া বলেন, বৃহস্পতিবার গভীর রাতে বেয়াই হাসেম শাহ মোবাইল ফোনে জানান, ঊর্মি অসুস্থ হওয়ায় গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। কারণ জানতে চাইলে উর্মি জানালার সঙ্গে ফাঁস দিয়েছে বলে জানান। সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জানতে পারেন উর্মি মারা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাকে হত্যা করে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পুলিশ লাশ থানা হেফাজতে নিয়েছে।
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছে উর্মির সহপাঠীরা। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছে বিভাগটির সভাপতি ও শিক্ষকরা।
স্থানীয়রা জানান, প্রিন্স মাদকাসক্ত। কারণে-অকারণে স্ত্রীকে মারধর করতেন। ঊর্মির স্বামী কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তারা চার বছর আগে প্রেম করে বিয়ে করেছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঊর্মির শরীরে আঘাতের আলামত রয়েছে। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।