'ব্রহ্মাস্ত্র'র ভিএফএক্স টেক্কা দিতে পারে যেকোনো হলিউড মুভিকে

শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের অন্যতম প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র'। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এ ছবি ঘিরে প্রথম থেকেই উত্তেজনা তুঙ্গে। প্রি বুকিংয়েই এই ছবি প্রায় ২৩ কোটি টাকা ব্যবসা করেছে। তার মধ্যে প্রথমদিনেই প্রি বুকিং হয়েছে ১১ কোটি টাকার টিকিট। সারা বিশ্বজুড়ে ৮৯১৩টি স্ক্রিনে মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র' ট্রিলজির প্রথম সিনেমা 'ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা'।

প্রথম দিন এই ছবি দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল সোশাল মিডিয়ায়। প্রথম দিনই সমস্ত হলে প্রায় ৪০ শতাংশ দর্শক হাজির হয়েছেন। কারোর মতে ছবি টেক্কা দিতে পারে হ্যারি পটার বা মার্ভেল স্টুডিওর যেকোনো ছবিকে, কারোর মতে আবার আলিয়া-রণবীরের প্রেম কাহিনি ছাপিয়ে গেছে এই ছবির মূল গল্পকে।

আলিয়া ও রণবীর ছাড়াও ছবিতে বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ভিএফএক্স ও ভিস্যুয়াল স্পেকেটেকলে এই ছবি ইতিহাস রচনা করেছে। এর আগে কোনো হিন্দি ছবিতে এই মানের ভিস্যুয়াল এফেক্ট দেখা যায়নি বলেই দাবি অনেকেরই। অয়ন নিজেই স্বীকার করেছিলেন যে হলিউডে তৈরি ইউনিভার্সেসের তুমুল ফ্যান তিনি। এই ছবিতেই সে রকমই একটি দেশীয় 'অস্ত্রভার্স' তৈরি করেছেন তিনি। ছবির অনেক জায়গা দেখেই বোঝা যাচ্ছে যে হ্যারি পটার ও দ্য লর্ড অব দ্য রিংস দেখে কতটা অনুপ্রাণিত পরিচালক।

ছবিতে রণবীরের গুরু অমিতাভ অস্ত্র গুরুকুলে যেভাবে রণবীরকে শিক্ষা দিচ্ছেন তা দেখে খুব সহজেই মনে পড়ে হ্যারি পটারের ডম্বলডোরকে। তিনি যেমন হ্যারিকে অন্ধকার থেকে আলো খুঁজতে বলেন সে রকমই অমিতাভ শিবাকে সত্যিকারের স্পিরিট খুঁজতে বলে যা তাকে তার ভয় অতিক্রম করে শক্তিশালী হতে সাহায্য করবে। অন্যদিকে মৌনীর সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় স্কারলেট উইচ ওয়ান্ডার।

যদিও চিত্রনাট্যে রয়েছে বেশ কিছু রেফারেন্স কিন্তু এই ছবি কখনোই ওই সিনেমাগুলোর নকল নয়, বলা যেতে পারে অনুপ্রেরণা। কারণ এই ছবিতে রয়েছে দেশীয় সমস্ত উপাদান, যা এই ছবিকে পুরোমাত্রায় মিলিয়েছে ভারতীয় পৌরাণিক গল্পের সঙ্গে। তবে এই ছবির ভিএফএক্স যেকোনোভাবেই টেক্কা দিতে পারে হলিউডের যেকোনো ছবিকে। হিন্দির পাশাপাশি ইংরেজি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়লামে মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র'। সূত্র : টাইমস অব ইন্ডিয়া