ফের বিতর্কিত মন্তব্য কঙ্গনার

'আমি নেতাজির অনুগামী, একেবারেই গান্ধীবাদী নই'

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেন্ট্রাল ভিস্তা এভিনিউ প্রকল্পের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের একাধিক নেতা ও তারকা। অনুষ্ঠানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি উন্মোচন করেন মোদি। এতে অংশ নেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও।

অনুষ্ঠান শুরুর আগেই সংবাদ মাধ্যমের কাছে বোমা ফাটালেন কঙ্গনা। কঙ্গনা জানান, 'আমরা যে স্বাধীনতা পেয়েছি তা নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং বীর সাভারকরের মতো বিপ্লবীদের কারণে। এই স্বাধীনতা আমরা ভিক্ষা করে পাইনি, স্বাধীনতা পেয়েছি নিজেদের অধিকারে, এর জন্য লড়াই করতে হয়েছে আমাদের।'

কঙ্গনা আরো বলেন, 'আমি নেতা সুভাষচন্দ্রের অনুগামী, আমি একেবারেই গান্ধীবাদী নই। এটা হয়তো অনেক লোককে বিরক্ত করবে যে আমি এই ধরনের কথা বলছি। তবে প্রত্যেকেরই একটা নিজস্ব এবং পছন্দের আদর্শ রয়েছে। আমি বিশ্বাস করি, নেতাজি এবং সাভারকরের মধ্যে লড়াইয়ের আগুন লুকিয়ে আছে।' কঙ্গনার কথায়, নেতাজি সুভাষচন্দ্র ক্ষমতার জন্য ক্ষুধার্ত ছিলেন না, স্বাধীনতার জন্য ক্ষুধার্ত ছিলেন।

কঙ্গনার এই মন্তব্যে স্বভাবতই সমালোচনার ঝড় ওঠে। অনেকেই কঙ্গনাকে কটাক্ষ করেন। নেটিজেনদের মতে, গান্ধীজিকে সমালোচনা করে কঙ্গনা ঠিক কাজ করেননি।

প্রসঙ্গত, কঙ্গনা রানাউত যেখানে, বিতর্ক সেখানে। অন্তত, গত কয়েক বছরে কঙ্গনা যা ইমেজ বানিয়েছেন, তাতে কঙ্গনা বিতর্ক খুঁজে বেড়ান না, বরং বিতর্ক কঙ্গনাকে ঠিক খুঁজে পেয়ে যায়। এবার যেমন কঙ্গনার ইন্দিরা গান্ধী চরিত্রে অভিনয় তাকে টেনে নিয়ে ফেলল বিতর্কের মাঝে।

প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশ্যে এসেছে কঙ্গনা রানাউতের নতুন ছবি 'এমার্জেন্সি'র টিজার। টিজারেই কঙ্গনা রানাউতের ইন্দিরা লুকে আল্পুত গোটা বলিউড। এই ছবিতে যে কঙ্গনা বাজিমাত করবেন, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে টিজারেই। তবে কঙ্গনাকে ইন্দিরা লুকে দেখে অনেকে প্রশংসা করলেও, কঙ্গনার ওপর ক্ষেপে গিয়েছে কংগ্রেসের একাংশ। মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, কঙ্গনাকে ইন্দিরার চরিত্রে দেখে মোটেই খুশি নয় কংগ্রেস।

যাই হোক, অভিনয়ে যে কঙ্গনা এখনো বাজিমাত করতে পারে তার সমসাময়িকদের তা ফের প্রমাণ  করলেন কঙ্গনা। নতুন ছবি 'এমার্জেন্সি'র প্রথম লুক প্রকাশ্যে আসতেই ফের খবরের শিরোনামে কঙ্গনা। মাথায় কাঁচা-পাকা চুল, সামান্য মেকআপ, প্রস্থেথিক ইন্দিরা গান্ধীর লুকে কঙ্গনা সবার নজর কেড়ে নিলেন। মাত্র ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে কঙ্গনা প্রমাণ করে দিলেন সিনেমার পর্দায় ইন্দিরা চরিত্র তার জন্যই যেন তৈরি হয়েছে। তবে শুধুই অভিনয় নয়, এই ছবি কঙ্গনা তৈরি করছেন নিজের হাতে। 

পরিচালক সাই কবীরের হাত থেকে পরিচালনার দায়িত্ব ছিনিয়ে নিয়ে কঙ্গনাই এখন 'এমার্জেন্সি'র পরিচালক।

এমন কাণ্ড কঙ্গনা আগেও ঘটিয়েছেন। তার প্রযোজনা সংস্থায় তৈরি 'মণিকর্ণিকা : দ্য ক্যুইন অব ঝাঁসি' ছবির শুটিং কিছু এগোতেই পরিচালক কৃশকে সরিয়ে নিজেই দায়িত্ব নিয়েছিলেন ছবি তৈরির। ফের পরিচালকের আসনে বসে কঙ্গনা জানান, 'পরিচালক হিসেবে এটাই আমার দ্বিতীয় ছবি। ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বকে সিনেমায় পর্দায় নিয়ে আসার জন্য আমি সব দিক থেকে তৈরি। তবে এটিকে আমি ইন্দিরার বায়োপিক বলব না। বরং এই ছবি বিরাটমাপের এক পিরিয়ড ছবি।' সূত্র : সংবাদ প্রতিদিন