বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তিন বছরের এক শিশুকে নিজ ঘরে ধর্ষণ করেছেন এক বৃদ্ধ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে ফুলবাড়ী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। ধর্ষক নজরুল ইসলাম (৬০) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার সকালে একই গ্রামের মৃত বগরুদ্দীনের ছেলে নজরুল ইসলাম পাশের বাড়ির মিন্টু মিয়ার তিন বছরের শিশু কন্যাকে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। এ সময় নজরুল মিয়ার বাড়িতে লোক না থাকায় কৌশলে ওই শিশুকে কোলে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির আর্তচিৎকারে লোকজন ছুঁটে যায় ঘটনাস্থলে। ধর্ষণের আলামত দেখে নজরুলকে আটকে রেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। পরে শিশুর বাবা মিন্টু মিয়া বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ফুলবাড়ী থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শিশুটির মা রশিদা বেগম জানান, 'মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছোট্ট শিশুকে অমানুষিক নিযার্তন করা হয়েছে। আমি এর সুষ্টু বিচার চাই।'

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর শিশুটির জবানবন্দি রের্কড করার জন্য শুক্রবার শিশু আদালতে পাঠানো হয়েছে।