ইপিআই পোর্টারদের চাকরি জাতীয়করণের দাবি

স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই কর্মসূচির ভ্যাকসিন বাহক বা ইপিআই পোর্টাররা ৩০ বছর ধরে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছেন। দীর্ঘদিন ধরে কাজ করলেও তাদের চাকরি জাতীয়করণ করা হয়নি। এমন পরিস্থিতিতে সরকারের কাছে ২০তম গ্রেড অনুযায়ী চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় ইপিআই পোর্টার বা টিকা বাহকরা। গতকাল শুক্রবার মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. বাবুল হোসেন তালুকদার। তিনি বলেন, সরকারের কাছে দাবি গ্যাভি, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো দাতা সংস্থাগুলো যে ফান্ড দেয়, সেগুলো রাজস্ব খাতে জমা নিয়ে চাকরি জাতীয়করণ করে দেন। নিয়মিত বেতন-বোনাস দেন। এ ক্ষেত্রে ২০১৫ সালে ঘোষিত জাতীয় স্কেল ৮ হাজার ২৫০ টাকা হিসাবে ২০তম গ্রেডে সর্বমোট ১৪ হাজার ৭৮৭ টাকা বেতন দাবি করেন। পাশাপাশি বছরে পাঁচটি বোনাস দেওয়ার জন্য জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে ইপিআই কর্মসূচির ভ্যাকসিন বাহক হিসেবে কর্মরত শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।