প্রধানমন্ত্রীর ভারত সফরে মূল সমস্যার সমাধান হয়নি : মেনন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে মূল সমস্যাগুলোর আশাবাদী সমাধান হয়নি মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ভারত থেকে প্রধানমন্ত্রী ঘুরে এলেন। কিন্তু মূল সমস্যাগুলোর কোনো আশাবাদী সমাধান দেখছি না। আমাদের জন্য অনেক বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে নদী নিয়ে। গঙ্গা চুক্তি ২০২৬ সালে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সংযোগস্থল দিয়ে পানি প্রবাহ নিয়ে এখনো পর্যন্ত কোনো যৌথ সমীক্ষার কূল করতে পারিনি। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আয়োজনে চীন বিপ্লবের মহানায়ক মাও জে দং-এর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা কী বুঝি? এটা শুধু পতাকা বদল বা মানচিত্র বদল নয়। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক পরিবর্তন ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা। আর এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কৃষক, কৃষি ও শ্রমিকের ক্ষেত্রে উদ্যোগী হয়ে এগোতে হবে। বলা হচ্ছে, সারের সংগ্রহ আছে কিন্তু বাস্তবে দেখছি সারের সংকট হচ্ছে। সবচেয়ে বড় সংকটে আছে কৃষক। আর কৃষককে বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক আন্দোলন সম্ভব হবেএটা ভুল কথা।