ডেঙ্গু রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে

দেশে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর গতকাল শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৯৬ জন। মারা গেছে ৩১ জন।

গতকাল সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪০ জন এবং ঢাকার বাইরে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৯৩৩ জন। তাদের মধ্যে রাজধানীর ৫০টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৭৯০ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ১৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে মাত্র ১২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়। এরপর ফেব্রুয়ারিতে ২০, মার্চে ২০ ও এপ্রিলে ২৩ জন আক্রান্ত হয়েছিল। মে মাস থেকে আবারও সংক্রমণ কিছুটা ঊর্ধ্বগামী হতে থাকে। ওই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১৬৩ জন, জুনে ৭৩৭ জন, জুলাইয়ে ১ হাজার ৫৭১ জন এবং আগস্টে সর্বোচ্চ ৩ হাজার ৫২১ জন। সেপ্টেম্বর মাসের এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে ১ হাজার ৯১৫ জন।