মালদ্বীপকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শুভসূচনা হয় বাংলাদেশের। আজ পাকিস্তানকে হারালে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হবে সাবিনা খাতুনদের। এমন ম্যাচের আগে বাংলাদেশের মেয়েদের মনের কোণে উঁকি দিচ্ছে চার বছর আগে পাকিস্তানকে ১৭-০ গোলে হারানোর সুখস্মৃতি। ২০১৮ সালে ভুটানে সেটি অবশ্য ছিল সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে। তবে সেই দলে খেলা বেশিরভাগই বর্তমান বাংলাদেশ জাতীয় দলে খেলছেন। তাই ঘুরেফিরে সেই স্মৃতি থেকেই প্রেরণা খুঁজে নিচ্ছেন তারা। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের শুরুটা ৩-০ গোলে জয়ে। আর পাকিস্তান অভিযান শুরু করেছে ভারতের কাছে একই ব্যবধানে হেরে। তাই এই ম্যাচটা পাকিস্তানের মেয়েদের জন্য অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। তবে বাংলাদেশ যে তাদের কোনো ছাড় দিবে না তা বোঝাই গেছে লাল-সবুজের সেনানীদের কথা ও শরীরী ভাষায়। ভারত সাক্ষাতের আগে স্বস্তি পেতে পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোই লক্ষ্য তাদের।
মেয়েদের ওপর আস্থার কমতি নেই বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের, ‘আমাদের মেয়েরা খেলার মধ্যে আছে, সেটার প্রমাণ তারা গত ম্যাচেই দিয়েছে। পাকিস্তানের বিপক্ষেও তারা পরিকল্পনা অনুযায়ী খেলবে। সর্বোচ্চটাই দিবে।’
পাকিস্তানের বিপক্ষে গোলোৎসবের ম্যাচে সিরাত জাহান স্বপ্নার ছিল সাত গোল, ‘কালকে (আজ) অবশ্যই ভালো কিছু করার ইচ্ছা আছে। আগের ম্যাচটির মতোই চাইব গোল করতে। যেহেতু পাকিস্তানের বিপক্ষে বয়সভিত্তিক পর্যায়ে ভালো কিছু করেছি, অবশ্যই আমার লক্ষ্য থাকবে শীর্ষ পর্যায়েও ভালো কিছু করার।’