কুষ্টিয়ায় ভূমি অফিসের কর্মচারীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে পূর্ব বিরোধের জের ধরে প্রকাশ্যে আব্দুর রাজ্জাক (৫৫) নামের ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রাজ্জাক ওই এলাকার মৃত আয়ূব আলীর ছেলে। তিনি শিলাইদহ ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন) হিসেবে কর্মরত ছিলেন। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, আজ সকালে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। স্থানীয় খাঁ ও বিশ্বাস গ্রুপের কয়েকজন এসে তাকে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছে। সেটিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।