দেশে ভোজ্যতেলের দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম কমেছে, কিন্তু দেশে ডলারের দাম বেড়েছে। ডলারের দামের সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। এতে করে আগামী দু’মাসের মধ্যে আরও এক ধাপ সয়াবিন তেলের দাম কমবে বলে আশা করছি।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগামী মাসে (অক্টোবর) ভোজ্যতেলের দাম আরও একধাপ কমতে পারে। ইতিমধ্যে এ নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা শিগগিরই ট্যারিফ কমিশনের সঙ্গে বৈঠক করে অন্তত তেলের দাম সমন্বয়ের পদক্ষেপ নেবো। ডলারের দাম পুরোপুরি সেটেল্ড হয়ে আসলে সব পণ্যের দাম অনেকটাই কমে আসবে।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে বিনিয়োগের জন্য নানা দাবি উত্থাপন করেছে। প্রধানমন্ত্রী সেই দাবিগুলো শুনেছেন। ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগে আগ্রহী হয়েছেন। এছাড়া আদানি গ্রুপ সাড়ে ৪ হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে। ভারতের প্রধানমন্ত্রী তাদের এগিয়ে যাওয়ার সঙ্গে বাংলাদেশকে পাশে চেয়েছেন। তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া রয়েছে বলেও জানান তিনি।