ওপেনিং নিয়ে বিস্তর ঝামেলায় বাংলাদেশ। উইন্ডিজ-জিম্বাবুয়ে হয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচেও নিয়মিত ওপেনারদের ওপর ভরসা রেখে হতাশ হতে হয়। দ্বিতীয় ম্যাচে মেকশিফট ওপেনাররা কিছুটা মুখ রক্ষা করেন। বিশ্বকাপের আগে কিছুদিন সময় থাকায় ওপেনিং পজিশন নিয়ে এখন কাটাছেঁড়ায় নির্বাচকরা। টিম ম্যানেজমেন্টের সঙ্গে মিলে অনেক কিছুই দেখে নেবেন তারা। এই দেখে নেওয়ার মধ্যেই চলে এসেছেন দল থেকে ছিটকে পড়া দুজন ওপেনার। কাল হাবিবুল বাশার জানালেন বাকিদের সঙ্গে ওই দুজনকে নিয়েও বেশ ভালোভাবে ভাবছেন।
আজ জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম দেশে আসছেন। আগামীকাল থেকে তিন দিনের অনুশীলন ক্যাম্প করবেন ক্রিকেটারদের নিয়ে। জাতীয় দলে থাকা এবং এর বাইরের অনেককেই দেখবেন এই কোচ। এশিয়া কাপের আগে দলে যোগ দিয়ে সুযোগ পাননি ক্রিকেটারদের দেখার। সেই অভাবটা মেটাতেই এ আয়োজন বিসিবির। এই পর্বে তাই ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে থাকা লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি, হাসান মাহমুদদের দেখবেন শ্রীরাম। পাশাপাশি টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া সৌম্য সরকার, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটওয়ারীদেরও দেখে নেবেন।
ওপেনিংয়ে অনভিজ্ঞতার অভাব মেটাতে ইমরুল কায়েসের নামটাও চলে এসেছে এই ক্যাম্পে। অবশ্য ইমরুলের নামটা নির্বাচকদের চিন্তাতেই সীমাবদ্ধ নয় তিনি ক্যাম্পে থাকবেন সেটাই বড় প্রশ্ন।
কাল সৌম্য ও ইমরুলের ব্যাপারে জানতে চাইলে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘শর্টলিস্টে বেশ কিছু ওপেনার আছেন, তারা আগে ওপেন করেছেন, এখনো করছেন। যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট আমরা সিদ্ধান্তটা একটু ভেবেচিন্তেই নিতে চাই। কারণ টি-টোয়েন্টি সংস্করণে ওই একটা পজিশনে আমরা কাউকে নির্দিষ্ট করতে পারছি না। বেশি পরিবর্তনও করতে চাই না। কারণ বিশ্বকাপে সাফল্য অনেকখানি ওপেনারদের সাফল্যের ওপর নির্ভর করছে। তাই সিদ্ধান্তটা বেশ ভেবেচিন্তে নিতে চাই। কারণ এই জায়গায় মনে হয় আমাদের কাজ করার আছে।’