রৌমারীতে এক কৃষকের বিরুদ্ধে র্যাবের করা অস্ত্র মামলা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে তার মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার চরশৌলমারী বাজার এলাকায় মানববন্ধনে এলাকার তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এতে বক্তারা বলেন, র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার কৃষক আবদুর রউফ মোল্লা এলাকার চিহ্নিত মাদক কারবারিদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছেন।
গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় চরশৌলমারীর কলেজপাড়ার আবদুর রউফ মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পরদিন রৌমারী থানায় সোপর্দ করে জামালপুর র্যাব-১৪। এসময় তার বাড়ি থেকে বিদেশি পিস্তল, শটগান, পাইপগান ও ছয় রাউন্ড কার্তুজসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে প্রেস রিলিজ দেয় র্যাব।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার চরশৌলমারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস মোল্লা, সাবেক চেয়ারম্যান এ কে এম ফজলুল হক ম-ল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মঞ্জু, চরশৌলমারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন প্রমুখ।