পঞ্চগড়ের বোদা উপজেলায় স্বামীর নির্যাতনে আক্তার বানু মনি (২২) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার ব্যাংহারি বনগ্রাম ইউনিয়নের নতুনবস্তি কাটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। মনি ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, দুই বছর আগে শরিফুলের সঙ্গে মনির বিয়ে হয়। কিছুদিন পর জানা যায় শরিফুল মাদকাসক্ত। বিভিন্ন সময় সে মনিকে নির্যাতন করত। শুক্রবার রাতে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করায় মনি অজ্ঞান হয়ে পড়ে। পরে মনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মনির মৃত্যু হয়। পরে মনির লাশ বাড়িতে রেখে পালিয়ে যায় স্বামীর বাড়ির লোকজন।
বোদা থানার ওসি সুজয় কুমার বলেন, ‘মাদকাসক্ত শরিফুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’