সিপিবির জনসভায় হামলার প্রতিবাদে দুর্গাপুরে সভা

 নেত্রকোনার কলমাকান্দায় সিপিবির জনসভায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ সভা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৌর শহরের প্রেস ক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সভা করে সিপিবি উপজেলা শাখা।

প্রতিবাদ সভায় সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক রহম আলী প্রমুখ। ডা. দিবালোক সিংহ বলেন, জ্বালানি তেল, সার, দ্রব্যমূল্য ও যানবাহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে গত শুক্রবার বেলা সাড়ে ৩টায় আমরা কলমাকান্দার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করছিলাম। সমাবেশ শুরুর কিছুক্ষণ পর সন্ত্রাসীরা এসে হামলা চালায়। তারা মাইক ও চেয়ার ভাঙচুর করে, নেতাকর্মীদের মারধরও করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।