শুধু সিটি করপোরেশনের পক্ষে পুরোপুরি ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘মশাবাহিত এ রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে রবিবার থেকে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ডিএনসিসি’র ১০টি অঞ্চলে ১০টি টিম এই অভিযান পরিচালনা করবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। এডিসের লার্ভা পেলেই নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।’
গতকাল শনিবার সকালে রাজধানী উত্তরায় ৫০ নম্বর ওয়ার্ডের আওতাধীন দক্ষিণখানে মধ্য আজমপুর এলাকায় এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারাভিযানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এসব কথা জানান।
ডিএনসিসির মেয়র বলেন, ‘বাসা-বাড়ি-অফিসে জমে থাকা পানিতে এডিসের লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী নিয়মিত মামলা হবে। কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে। আপনার বাড়ি বা স্থাপনার ভেতরে, বাইরে, আশপাশে কোথাও পানি জমে থাকলে এখনই ফেলে দিন। ডেঙ্গু থেকে আপনি সুরক্ষিত থাকুন, আপনার পরিবার ও প্রতিবেশীকে সুরক্ষিত রাখুন। বাড়িতে লার্ভার চাষ করে শাস্তি না পেয়ে বরং লার্ভার উৎস ধ্বংস করে পুরস্কৃত হোন।’
ডিএনসিসির কর্মকর্তারা জানান, স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ৫০ নম্বর ওয়ার্ডের দক্ষিণখানের মধ্য আজমপুর এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে। মেয়র আতিকুল ইসলাম সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেন।