টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা আ.লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার আরেক আসামি জেলা কারাগারে মারা গেছেন। তার নাম সমির (৪১)। গত শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। ২০১৫ সালের ১২ নভেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর একই মামলার আসামি আনিসুল ইসলাম রাজা (৪২) কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান।
কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে আসামি সমির অসুস্থ হয়ে পড়ে। কারা হাসপাতালের চিকিৎসকের পরামর্শে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আ.লীগ নেতা ফারুক আহমেদ ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল শহরে নিজ বাসার কাছে গুলিতে নিহত হন। ২০১৩ সালের ২১ জানুয়ারি ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালে ৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের একটি আদালত ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
টাঙ্গাইলের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন গতকাল শনিবার দুপুরে আসামির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কারাগারে মারা যাওয়া আসামি সমিরের মরদেহ ময়নতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।