বকেয়া পাওনা পরিশোধের দাবিতে খুলনায় বন্ধ থাকা মহসেন জুট মিলের মালিক তাওহিদুল ইসলামের বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিছিল সহকারে নগরীর শের-ই বাংলা রোড এলাকায় মিল মালিকের বাড়ি ঘেরাও করা হয়। এ সময় শ্রমিকরা বাসভবনের সামনে অবস্থান নিয়ে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সেøাগান দিতে থাকেন।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক নেতারা বলেন, সিবিএ নেতাদের সহযোগিতায় মালিক ২০১৩ সালে কৃত্রিম অর্থ সংকট দেখিয়ে শ্রম আইনের তোয়াক্কা না করে মিল বন্ধ করে দেন। বন্ধের ৯ বছর পার হলেও মালিক চার শতাধিক শ্রমিক-কর্মচারীর পাওনা ১১ কোটি টাকা পরিশোধ না করে মিলের কিছু সিবিএ নেতাকে সঙ্গে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। মিল বন্ধ হওয়ার পর থেকে ৮২ জন শ্রমিক মালিকের কাছে পাওনা থাকার পরও বিনা চিকিৎসায় মারা গেছেন।
আগামী এক সপ্তাহের ভেতর শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে মিল মালিকের বাসভবনে লাগাতার অবস্থান এবং মালিককে বাড়িতে অবরুদ্ধ করে রাখা হবে বলেও শ্রমিক নেতারা হুঁশিয়ারি দেন। পাওনা পরিশোধে শ্রমিক নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, জেলা প্রশাসক এবং খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের হস্তক্ষেপ কামনা করেন।
বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, মহসেন জুট মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা কারি মো. আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম কাগজি, মো. নিজামউদ্দিন, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী প্রমুখ।